সিরিয়ায় পালিয়ে যাওয়া বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪১, কারফিউ জারি
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন সরকারি সেনা রয়েছেন। সংঘর্ষের পর লাতাকিয়া প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় দামেস্কের বর্তমান সরকারের অনুগত বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্টাংশের তীব্র লড়াই চলছে।
রাশিয়া-নিয়ন্ত্রিত বিমানঘাঁটির কাছে সংঘর্ষ
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, লাতাকিয়া প্রদেশে রাশিয়া-নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটির কাছে সংঘর্ষে অন্তত ১৩ জন সরকারি সেনা নিহত হন। সংঘর্ষের পর শুক্রবার সকাল পর্যন্ত ওই অঞ্চলে কারফিউ ঘোষণা করা হয়।
গত ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামপন্থি সরকারের অনুগত বাহিনীর ওপর এটিই সবচেয়ে সহিংস হামলা। আলাউইট সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত লাতাকিয়া ও আশপাশের এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সংঘর্ষের পর সরকারি সৈন্যরা বিশাল সামরিক শক্তি বৃদ্ধি করে জাবলেহ শহরের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাতে সিরিয়া-ভিত্তিক স্টেপ নিউজ এজেন্সির খবরে বলা হয়, সরকার-সমর্থিত বাহিনী প্রায় ৭০ জন আসাদ অনুগত সাবেক সরকারি যোদ্ধাকে হত্যা করেছে এবং জাবলেহ ও আশপাশের এলাকা থেকে ২৫ জনেরও বেশি যোদ্ধাকে আটক করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষে আসাদপন্থী ২৮ জন বন্দুকধারী নিহত হয়েছেন। সরকারি বাহিনী লক্ষ্যবস্তুতে হামলার জন্য হেলিকপ্টার ব্যবহার করছে বলেও জানানো হয়েছে। তবে বিবিসি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
.jpeg)
Post a Comment